নাঙ্গলকোটে ৭ মাসের শিশুকে বালিশচাপা দিয়ে হত্যা করল মা
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে বালিশচাপা দিয়ে ফারাবি নামে সাত মাসের এক শিশুকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
ফাতেমা বেগম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পাশের ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।
নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাসের ছেলে ফারাবিকে নিয়ে নিচন্তপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশচাপা দিয়েছেন।
ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এছাড়া তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও তিনি দাবি করেন।
নাঙ্গলকোট থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
