|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ইউনিক পরিবহণের বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। একইদিন সকালে মহিপাল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরও এক বাসযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে ছিল। পরে একটি লং ভেহিকেলের সঙ্গে কাভার্ডভ্যানটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক নিহত হন।
নিহতরা হলেন—রংপুরের তারাগঞ্জ উপজেলার গনিরামপুর এলাকার চবর আলীর ছেলে আবদুর রহিম, কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে আবুল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের কালিগঞ্জ সুন্দরপুর এলাকার আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ ফটিক। ফটিক মহিপালের দুর্ঘটনায় নিহত হন। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
আহত পাঁচজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
অপরদিকে, সকাল ৮টার দিকে মহিপাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় আরও এক বাসযাত্রী নিহত হয়েছেন।
