শাহ আমানতে স্বর্ণ চোরাচালান, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিমানবন্দরের এরোড্রাম কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল আলমকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।
গত বৃহস্পতিবার ওই কমিটি গঠন করা হলেও রোববার বিষয়টি জানাজানি হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর যুগান্তরে ‘জড়িত বিমানের কর্মীরা: স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুট চট্টগ্রাম বিমানবন্দর’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা মো. ওয়াহিদুল আলম নামে এক যাত্রীকে আটক করে কাস্টমস ইন্টেলিজেন্স ও গোয়েন্দা সংস্থা। পরে ওই যাত্রীর শরীর তল্লাশি করে ৩২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। পরে ২২০ গ্রাম স্বর্ণ জব্দ করে এবং ১০০ গ্রাম স্বর্ণ ব্যাগেজ সুবিধার নিয়ম অনুযায়ী ওই যাত্রীকে ফেরত দিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে- তল্লাশির আগে এবং তল্লাশির সময় কৌশলে ওই যাত্রীর কাছ থেকে বিমানবন্দরের নিরাপত্তা কর্মী এবং তল্লাশির দায়িত্বে থাকা ব্যক্তিরা পৃথকভাবে ৭টি স্বর্ণের বার হাতিয়ে নেয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নূর হোসেন যুগান্তরকে বলেন, গত ২ সেপ্টেম্বর যুগান্তরে প্রকাশিত সংবাদের জেরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
