Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম

‘এখন ঢুকলে আট-দশ বছর বের হতে পারব না’: পুলিশ কর্মকর্তাকে রায়হান

অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও রায়হান

Advertisement

‘এখন ঢুকলে ভাই, বাইরে তো বের হতে পারব না। আট-দশ বছর আমাকে বাইরে হতে দেবে না কেউ। বিএনপি আসলে বিএনপি মামলা দেবে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মামলা দেবে। আমি কোন পথে যামু?’

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে ফোনালাপে নিজের এমন আশঙ্কার কথা জানিয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের সঙ্গে ওই ফোনালাপের একটি ভিডিও প্রকাশ করেন রায়হান। এতে অতিরিক্ত পুলিশ সুপারকে আত্মসমর্পণের আহ্বান জানাতে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিতে শোনা যায়।

বিদ্যমান মামলার বাইরে নতুন করে অপ্রয়োজনীয় মামলায় না জড়ানোর আশ্বাসও দেন তিনি। জবাবে রায়হান আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করলেও অতীত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা তুলে ধরেন।

এদিকে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে রায়হান লিখেছেন- ‘স্যার আমি আগের থেকে সুন্দর হয়ে গেছি, স্যার কিন্তু ভালো মনের মানুষ। উনার সঙ্গে কথা বলে একটু ভালো লাগছে, দেখা যাক উনার হাত ধরে ভিতরে গিয়ে ভালো হয়ে যাবো।’

ফোনালাপে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, আত্মসমর্পণ করলে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তার বিরুদ্ধে বর্তমানে যেসব মামলা রয়েছে, সেগুলোর বাইরে নতুন করে অপ্রয়োজনীয় কোনো মামলায় জড়ানো হবে না। এ সময় তাকে বলতে শোনা যায়- ‘আমি ১০০ শতাংশ গ্যারান্টি দিতে পারি, কিছু আপনাকে করব না। আমার কাছে ধরা দেন, সমস্যা নেই।’

জবাবে রায়হান জানান, আত্মসমর্পণের ইচ্ছা তার রয়েছে। তবে এর আগে একবার আত্মসমর্পণের উদ্যোগ নিয়ে বিপাকে পড়েছিলেন বলে দাবি করেন তিনি। ওই উদ্যোগের খবর আগেই ফাঁস হয়ে যাওয়ায় নানা সমস্যায় পড়তে হয়েছিল তাকে। এবারও আত্মসমর্পণ করলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা করছেন তিনি। তার ভাষ্য, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের মামলায় জড়িয়ে পড়তে পারেন।

কথোপকথনের একপর্যায়ে রায়হান দাবি করেন, তখন তিনি ফটিকছড়িতে অবস্থান করছিলেন না। হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। পুলিশের একাধিক সদস্য তার অবস্থানের খোঁজখবর রাখেন দাবি করে পুলিশ তাকে খুঁজে পাবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন রায়হান।

অন্যদিকে তারেক আজিজ তাকে সেদিনই পুলিশের কাছে আসতে বলেন। তারা অপেক্ষা করছেন জানিয়ে আত্মসমর্পণের ব্যবস্থা করার আশ্বাস দেন।

তবে দূরত্বের কারণে সেদিন আসা সম্ভব নয় বলে জানান রায়হান। কথোপকথনের শেষদিকে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ ভাই, দেখা হবে।’

গুলির ঘটনা নিয়েও কথা:

ফোনালাপে ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে আহত করার ঘটনাটি নিয়েও কথা হয় দুজনের। রায়হানের দাবি, তিনি মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কয়েকজন তার গাড়ি আটকানোর চেষ্টা করেন। তবে কেন তার গাড়ির সামনে-পেছনে লোকজন অবস্থান নিয়েছিল, তা জানেন না বলে দাবি করেন তিনি।

গুলিতে আহত ব্যক্তিদের প্রসঙ্গ তুললে পুলিশ কর্মকর্তা তাদের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন। জবাবে রায়হান বলেন, ‘আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এটা তো জানেন। তাহলে আমার কেন নিয়ে লাগছে সবাই?’

কথোপকথনে কাদের নামে এক ব্যক্তির প্রসঙ্গও তোলেন পুলিশ কর্মকর্তা। ওই ব্যক্তিকে শনাক্ত করতে সহযোগিতা করতে পারবেন কিনা, জানতে চাইলে রায়হান বলেন, ‘ভাই, আমি তো বেইমানি করতে পারব না।’ পরে এ বিষয়ে সরাসরি বসে কথা বলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান আলম চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, রায়হানকে গ্রেফতারের চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। ফটিকছড়িতে গুলির ঘটনার আগেও তার অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়েছিল। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

বাসায় ফ্যানের সঙ্গে ঝুলছিল কলেজ শিক্ষিকার লাশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

মিছিলে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাত

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

৬ মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেস

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

আরও পড়ুন

ডিসেম্বর ঘিরে হিলিতে ড্রোন-থার্মাল ইমেজারসহ কঠোর অবস্থানে বিজিবি

ডিসেম্বর ঘিরে হিলিতে ড্রোন-থার্মাল ইমেজারসহ কঠোর অবস্থানে বিজিবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

‘ওসি থাকলে সব ঠিক’—যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকার অডিও ভাইরাল

‘ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না’

‘ফ্যাসিবাদকে আর সুযোগ দিতে চাই না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম