লালপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম
আহতদের প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের লালপুর উপজেলায় মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর কারিগরপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও মসজিদের উন্নয়ন কার্যক্রম নিয়ে একই এলাকার আফসার আলী গ্রুপের সঙ্গে মসজিদ কমিটির সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম গ্রুপের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ওই সময় পরিস্থিতি উত্তপ্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে সেই বিরোধের জের ধরে শনিবার রাতে পরিস্থিতি নতুন করে উত্তেজিত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকা থেকে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন মেম্বারের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন লোক আফসার আলীর পক্ষ নিয়ে কারিগরপাড়া এলাকায় অবস্থান নেন। পরে উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে কথাকাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—কচুয়া গ্রামের আলাল মেম্বারের ছেলে মিজানুর রহমান কালু (৪২) ও শুভ (২৯), মিজানুর রহমান কালুর ছেলে মুন্না (১৮), মাহাবুলের ছেলে মাহমুদুল হাসান (১৪), মৃত আনোয়ার হোসেনের মেয়ে চম্পা (৩৫), বড় শেরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আলমগীর হোসেন (৩৮), কেশববাড়িয়া গ্রামের হারুনুর রশিদের ছেলে বনি আমিন (২১), আনসার আলীর ছেলে মাহাতাব হোসেন (৩৮) এবং হাঁসবারিয়া গ্রামের আবুল হাশেম কবিরাজের ছেলে মাসুদ রানা (৪৫)।
আহতদের প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের মধ্যে মাসুদ রানার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সংঘর্ষের খবর পেয়ে লালপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মসজিদ কমিটি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-6a9d7e59119a2.jpg)