Logo
Logo
×
   

সারাদেশ

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত মো. ইউসুফ আলী (৭০)। ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. ইউসুফ আলী (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার টইটং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলিম্যারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত ইউসুফ আলীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইউসুফ আলী ওই এলাকার বাসিন্দা। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তরা রাতেই ঘরে তালা দিয়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার বিকালে একটি টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, আলিম্যারঝিরি এলাকার বাসিন্দা নুরুল কাদের, তার ছেলে আকাশসহ আরও ৫-৭ জন নারী-পুরুষ ইউসুফ আলীর পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে ইউসুফ আলী, তার ছেলে বেলাল উদ্দিন ও মেয়ে দিলুয়ারা বেগম আহত হন।

আহত ইউসুফ আলী চিকিৎসার জন্য পেকুয়ার দিকে রওনা হলে খুইন্যাভিটা মাঠ এলাকায় আগে থেকে অবস্থান করা নুরুল কাদের ও তার ছেলে আকাশ ইউসুফ আলীর ওপর ফের হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাকে মাথার ওপর তুলে পাকা সড়কে আছাড় মারা হয়। এতে তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। 

নিহতের স্ত্রী ছেনুআরা বেগম বলেন, আমার এক পুত্রবধূ পাশের একটি টিউবওয়েলে পানি আনতে যায়। এ সময় পানি নিতে বাধা দেন নুরুল কাদেরের মেয়ে ফাহিম। এ নিয়ে দুজনের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ফাহিম আমার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে চুলের মুঠি ধরে মারধর করে। এ সময় আমার মেয়ে দিলুয়ারা ঝগড়া থামাতে গেলে তাকেও মারধর করা হয়। পরে আমরা খবর পেয়ে সেখানে যাওয়ার সময় রাস্তায় নুরুল কাদের, আকাশ, মিনহাজ, সালমা, বালিসহ আরও কয়েকজন নারী-পুরুষ আমাদের ব্যাপক মারধর করে। এমনকি ধানির জমিতে আমাদের কাদায় চেপে ধরে। পরে এলাকার লোকজন এসে আমাদের তাদের হাত থেকে রক্ষা করে।

তিনি অভিযোগ করে বলেন, হামলার শিকার ইউসুফ আলী চিকিৎসার জন্য পেকুয়ার উদ্দেশে বের হন। পথে খুইন্যাভিটা মাঠে পৌঁছলে সেখানে আবারও হামলা করে নুরুল কাদের ও তার ছেলে আকাশ। তারা আমার স্বামীকে মারধরের পাশাপাশি এক পর্যায়ে মাথার ওপর তুলে রাস্তায় আছাড় মারে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।  

স্থানীয় বাসিন্দা মুহাম্মদ ইউনুস বলেন, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। প্রথম দফায় মারধর করে পরিবারের কয়েকজনকে আহত করে। চিকিৎসা নিতে যাওয়ার পথে দ্বিতীয় দফায় ফের হামলা চালায়। শত শত মানুষের সামনে মাথায় তুলে আছাড় মেরে ইউসুফকে হত্যা করেছে।

নিহতের পুত্রবধূ কলি আক্তার বলেন, পাশের একটি নলকূপে পানি আনতে যাই। সঙ্গে আমার এক ননদও ছিল। তিনি নলকূপের একটু দূরে অবস্থান করছিল। পানির জন্য প্রায় আধা ঘণ্টা অপেক্ষা করেছি। কিছুতেই পানি নিতে দিচ্ছে না সেখানে আগে থেকে অপেক্ষা করা প্রতিবেশী ফাহিম। কলসিতে পানি নিলেই সেখানে বালু ও হাত ঢুকিয়ে দিয়ে পানি নষ্ট করে ফেলে। এ নিয়ে প্রতিবাদ করলে আমার ওপর চড়াও হন। চুলের মুঠি ধরে মারধর করে। পরে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সদস্যরা আসলে তাদের ওপর একযোগে হামলা চালানো হয়। আমার শ্বশুরকে নির্মমভাবে খুন করেছে।

টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। দোষীদের আইনের আওতায় এনে গ্রেফতারপূর্বক উপযুক্ত শাস্তির দাবি করছি।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পুলিশ পাঠিয়েছি। জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম