Logo
Logo
×
   

সারাদেশ

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি, অতঃপর...

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি, অতঃপর...

দৌলতদিয়ায় যান্ত্রিক ত্রুটিতে স্রোতে ভেসে গেল ফেরি। ছবি: যুগান্তর

তীব্র স্রোতের কবলে পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ফেরিগুলো। এতে করে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, এমনকি বিকল হচ্ছে ফেরি।

জানা গেছে, স্রোতের কবলে পড়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছেড়ে আসা রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান দৌলতদিয়ার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ার ৪নং ঘাটে ভেড়ার চেষ্টা করছিল। এ সময় ফেরিটির সুকানের (পাখা) হাইড্রোলিক পাইপ সজোরে ফেটে যায়। এতে করে চালক ফেরিটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। 

মুহূর্তের মধ্যে তীব্র স্রোতের টানে কয়েক কিলোমিটার ভেসে যায় ফেরিটি। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।

পরবর্তীতে ফেরিটি মাঝ নদীতে জরুরি নোঙর করার পর উদ্ধারকারী জাহাজ আইটি-৯৬ এবং অপর রো রো ফেরি খান জাহান আলী যৌথ প্রচেষ্টা চালিয়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পাটুরিয়া ফেরিঘাটে নিরাপদে পৌঁছে দেয়।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ইনচার্জ মাস্টার রোমান সরকার রতন মোবাইলে বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক, তিনটি প্রাইভেটকার ও অনেক যাত্রী ছিল। যান্ত্রিক ত্রুটির পর ফেরিটি ভেসে যাওয়া শুরু করলে যানবাহনের সব যাত্রী ও চালকরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে আমরা ৭নং ঘাট সোজা ভেসে যাওয়ার পর মাঝ নদীতে অ্যাঙ্কর ফেলে নোঙর করি এবং কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করি। তারা দ্রুত সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আব্দুল্লাহ আল মামুন যুগান্তরকে জানান, বর্তমানে পদ্মা-যমুনা নদীর এই এলাকায় সর্বোচ্চ পর্যায়ের স্রোত প্রবাহিত হচ্ছে। স্রোতের কারণে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। অনেকটা উজানে অবস্থিত দৌলতদিয়ার ৪নং ঘাটে পৌঁছাতে প্রতিটি ফেরিকে তীব্র স্রোত মোকাবিলা করতে হচ্ছে। এর জন্য ফেরিগুলোকে বাড়তি শক্তি প্রয়োগ করতে হয়, যা ফেরিটির সুকান, ইঞ্জিনসহ সব যন্ত্রের ওপর বাড়তি চাপ ফেলে। 

তিনি বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি ৪নং ঘাটের কাছাকাছি পৌঁছানোর পর ফেরিটির সুকানের হাইড্রোলিক পাইপ ফেটে যায়। খবর পেয়ে আমরা একটি টাগ জাহাজ এবং খানজাহান আলী নামের একটি বড় ফেরির সাহায্যে প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ফেরিটিকে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পাটুরিয়া ঘাটে নিয়ে আসতে সক্ষম হই। পরে সেখান থেকে ফেরিতে থাকা সব যাত্রী ও যানবাহনকে অপর একটি ফেরিতে তুলে দৌলতদিয়া ঘাটে পৌঁছে দেই। বিকল ফেরিটি মেরামতে প্রকৌশল বিভাগের লোকজন কাজ শুরু করেছেন।

ফেরিতে থাকা রাবেয়া পরিবহণের সুপারভাইজার মোহাম্মদ রিয়াজ জানান, ফেরিটি দৌলতদিয়ার ৪নং ঘাটে পৌঁছানোর আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে ফেরিটি তীব্র স্রোতে কয়েক কিলোমিটার দূরে ভেসে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা সবাই দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে পেরেছি। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম