সাড়ে তিন বছরের শিশু নিখোঁজ, জীবিত পেতে লাখ টাকা মুক্তিপণ দাবি
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার নাঙ্গলকোটে সাড়ে তিন বছরের শিশু আব্দুল মাহিন নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার সন্ধান মেলেনি। গেল বুধবার (২ সেপ্টেম্বর) শিশুটি নিখোঁজ হয়। জীবিত ফিরে পেতে লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
নিখোঁজ আব্দুল মাহিন উপজেলার পেরিয়া ইউনিয়নের কাজী জোড়পুকুরিয়া মজুমদার বাড়ির প্রবাসী মহিন উদ্দিনের ছেলে। তার পরিবার নাঙ্গলকোট পৌরসভার গোত্রশাল এলাকার একটি বাড়িতে ভাড়া থাকে।
জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মাহিন বাসার সামনে থেকে নিখোঁজ হয়। ওই সময় তার মা রান্না করছিলেন। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাশের একটি খালে তল্লাশি চালায়। কোনো সন্ধান না পেয়ে বুধবার রাতেই নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন তার মা। তবে এখন পর্যন্ত মাহিনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে শনিবার (৫ সেপ্টেম্বর) ইমুতে অপরিচিত একটি আইডি থেকে তাদের কাছে একটি বার্তা পাঠানো হয়। ওই বার্তা থেকে মাহিনকে জীবিত পেতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর থেকেই পরিবারের মধ্যে আহাজারি আরও বেড়ে যায়।
মুক্তিপণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মামা খুরশিদ আলম স্বপন।
তবে নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, মুক্তিপণ দাবির বিষয়টি সত্য নয়। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। শিশুটিকে উদ্ধার করতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।
