রাঙামাটিতে সাঁজোয়া যান নিয়ে প্রশিক্ষণ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার আগে রাঙামাটিতে সাঁজোয়া যান নিয়ে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শহরসহ জেলার বিভিন্ন স্থানে এ প্রশিক্ষণ চলবে ১৫ দিন। বিষয়টি ঘিরে জেলা পুলিশের পক্ষে কোনো ধরনের গুজব বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এক জরুরি তথ্য বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
গণমাধ্যমে দেওয়া এ বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের আর্মড পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি (সাজোয়া যান) চলাচলের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর বলে স্পষ্ট করেছে রাঙামাটি জেলা পুলিশ।
এতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার প্রাক-প্রস্তুতি ও প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবেই মূলত এসব এপিসি রাঙামাটিতে আনা হয়েছে। ১৫ দিন রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। প্রশিক্ষণ শেষে দুই সপ্তাহ পর এপিসিগুলো আবার ঢাকায় নিয়ে যাওয়া হবে। এসব এপিসি রাঙামাটিতে স্থায়ীভাবে মোতায়েন বা কোনো বিশেষ পরিস্থিতি মোকাবিলায় আনা হয়নি। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়িয়ে সঠিক তথ্য যাচাই করে প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি শহরের মারী স্টেডিয়াম ও হাসপাতাল সড়কের পাশে পুলিশের সাঁজোয়া যানগুলোর অবস্থান দেখা যায়। যানগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শহরে বড় এসব যান দেখে বিভিন্ন ধরনের গুজব ও মন্তব্য ছড়াতে থাকে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে জরুরি তথ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে জেলা পুলিশ।
এ বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব বলেন, রাঙামাটিতে যানগুলো প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। এগুলো সাজেক, আরশিনগর পুলিশ ফাঁড়ি, পুলিশ লাইন্সসহ শহরের বেশকিছু এলাকায় প্রশিক্ষণের জন্য ব্যবহার হবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমদের আহ্বান থাকবে মানুষ যেন গুজবে কান না দেয়।
