ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ
Advertisement
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধরলা নদীর মাইয়ামরা ঘাট সীমান্তে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বাংলাদেশিদের নৌকা টেনে নিয়ে গেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মাইয়ামরা ঘাটের ওপারে ভারতের কুচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা সদরের বরমতল গ্রামের ধরলা নদীতে এ ঘটনা ঘটেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম ১নং ওয়ার্ডের ধরলা নদীর মাইয়ামরা ঘাট এলাকায় সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৪ ও ৫ নম্বর সাবপিলারে মধ্যবর্তী স্থানে ভারতের ওপারের গ্রাম বরমতলের ধরলা নদীর ২০ গজ ভারতের অভ্যন্তরে ধরলা নদীতে বাংলাদেশি শ্রমিকরা কয়েকটি নৌকা নিয়ে সীমান্ত লাগোয়া ওই নদীতে বালু ও পাথর উত্তোলন করতে যান। এ সময় ভারতের ৬২-বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও ধাওয়া করে নদীতে থাকা চারটি নৌকা আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এ বিষয়ে ইউএনও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে জানানো হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় বিজিবি টহল দলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানা গেছে।
