পুলিশ বক্স নির্মাণের কথা বলে হোটেল থেকে টাকা আদায়, যুবক গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের পর্যটন এলাকায় পুলিশ বক্স নির্মাণ করা হবে- এমন কথা বলে বিভিন্ন হোটেল ও রিসোর্টে গিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জিয়াবুল হক নামে চক্রটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১০টি মোবাইল ও তিনটি চেকবই জব্দ করা হয়েছে।
বুধবার কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চক্রটি কক্সবাজার শহরের বেশ কয়েকটি তারকামানের হোটেল ও রিসোর্টে যায়। এর মধ্যে সীগাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। চক্রের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলত। পর্যটন এলাকার বিভিন্ন স্থানে স্থায়ী পুলিশ বক্স নির্মাণ করার জন্য টাকা প্রয়োজন দাবি করে তারা এসব হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ থেকে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় মামলা হয়।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেফতার ব্যক্তিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
