নবজাতককে ডাস্টবিনে ফেলে পালানোর সময় মাসহ আটক ৪
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিতে ভূমিষ্ঠ নবজাতককে ডাস্টবিনে ফেলে পালানোর সময় নবজাতকের মাসহ ৪ জনকে আটক করেছেন স্থানীয় জনতা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আকটকৃতরা হলেন- সোনাগাজী উপজেলার মুছাপুর ৫নং ওয়ার্ডের মৃত ইলিয়াছের ছেলে সিএনজি ড্রাইভার সামছুদ্দিন (৩৫) এবং এক কিশোরী, তার মা ও দাদি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুটির বাবা মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সালাউদ্দিন আমান (২০) বলে জানায় কিশোরীর পরিবার।
জানা যায়, অবিবাহিত ওই কিশোরীকে অন্তঃসত্ত্বা অবস্থায় জনসেবা হাসপাতালে নেয় তার মা ও দাদি। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বললে সিএনজিতেই নবজাতকটির জন্ম হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না ঢুকে চলন্ত সিএনজি থেকে শিশুটিকে হাসপাতালের সামনে ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছিল তারা। এ সময় স্থানীয়রা দেখে দ্রুত নবজাতকটি উদ্ধার করে এবং সিএনজিসহ ৪ জন আটক করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ছেলে নবজাতকটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং নবজাতকের মা প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন। পরে তাকেও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
