Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, রাঙামাটির ঝুলন্ত সেতু আবারও বন্ধ

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, রাঙামাটির ঝুলন্ত সেতু আবারও বন্ধ

Advertisement

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধিতে আবারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতু।

হ্রদে পানি বাড়ায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেতুটির পাটাতন এক ইঞ্চি পানিতে তলিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে এদিন সকালেই পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

তবে পানি নেমে গেলে যেকোনো মুহূর্তে সেতুটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটি পর্যটন মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।

তিনি জানান, এর আগে ২৯ আগস্ট হ্রদের পানিতে তলিয়ে যাওয়ায় সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে হ্রদের পানি ছাড়ার কারণে সেতুটি ভেসে উঠায় এক সপ্তাহ পর ৫ সেপ্টেম্বর তা খুলে দেওয়া হয়; কিন্তু আবার হঠাৎ কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় সেতুটির পাটাতন এক ইঞ্চি পানিতে তলিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে শুক্রবার সকালেই সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সদ্য বর্ষা শেষে রাঙামাটিতে পর্যটন মৌসুম শুরু হয়েছে। পাশাপাশি সেতুটি খুলে দেওয়ার পর পর্যটকদের আনাগোনা বাড়ে। প্রতিদিন প্রায় ৪শ-৫শ পর্যটক পাড়ি জমাচ্ছিলেন সেতুতে। শুক্রবারও প্রায় তিন শতাধিক পর্যটকের আগম ঘটে; কিন্তু সেতুটি পানিতে তলিয়ে যাওয়ায় সেখানে প্রবেশ করতে পারেননি তারা। তবে হতাশার কিছু নেই, পানি সরলেই সেতুটি খুলে দেওয়া হবে। ইতোমধ্যে কাপ্তাই বাঁধের স্প্রিলওয়ের গেট খুলে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাই আশা করছি, দ্রুত সেতু থেকে পানি সরে যাবে।

জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে চলেছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ফের বিপৎসীমায় পৌঁছেছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা। হঠাৎ অতিবৃষ্টিতে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসায় হ্রদে ফের পানি বাড়তে শুরু করে। তাই ঝুঁকি মোকাবিলায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে ছেড়ে দেওয়া হচ্ছে হ্রদের অতিরিক্ত পানি।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকে। তাই ঝুঁকি মোকাবিলায় হ্রদ হতে অতিরিক্ত পানি ভাটি অঞ্চলের কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি উঁচুতে খুলে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে হ্রদ হতে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এদিন সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৫১ ফুট বা এমএসএল (মিন সি লেভেল)। রুলকার্ভ অনুযায়ী ১০৫ ফুট পার হলে বিপৎসীমা ধরা হয়। পানি কমে গেলে বাঁধের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম