ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু
Advertisement
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর আকুয়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
হতাহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
নিহত দুজন হলেন- ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের সোনিয়া (৩০) এবং একই উপজেলার চৌদার গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. সাদেক আলী (২৭)। এ ঘটনায় সোনিয়ার ছেলে সাজিদ (৬) গুরুতর আহত হয়। অটোরিকশাতে চালক ছাড়াও আরও চারজন যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আল আমিন বলেন, সাদেক আলীর একজন আত্মীয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাকে দেখতে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন সাদেক। বেলা সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস মোড় পর্যন্ত আসতেই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোনিয়ার মৃত্যু হয়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
