চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটছে। ওই নৌকায় ১২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় ১০ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উদ্ধার করেছে। তাদের ভারতের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছেন। এখনো একজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে একটি নৌকা নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায়। মাঝপদ্মায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, চরবাগডাঙ্গা ইউনিয়নে বাখের আলী ঘাট থেকে একটি নৌকা নারায়ণপুরের জোহুরপুর-বেলপাড়ার উদ্দেশ্য ছেড়ে যায়। পথিমধ্যে ঝড়ো বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে গেলে ১১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে ১০ জনকে ভারতীয় বিএসএফ উদ্ধার করেছে।
উদ্ধারকৃতদের দেশে ফিরিয়ে আনতে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোমিন শরীফ বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাখের আলী থেকে নৌকায় করে বেলপাড়া বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। মাঝনদীতে ঝোড়ো বাতাসের মধ্যে নৌকাটি ডুবে যায়। পরে ১০ জনকে বিএসএফ উদ্ধার করে নিয়ে যায়। আর ওয়াসিম নামে একজন সাঁতরে বাংলাদেশে ফিরে এসেছে। বর্তমানে সে বাখের আলী বিজিবি ক্যাম্পে আছে।
অন্যদিকে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ঘটনার শিকার তাদেরই এক আত্মীয়কে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে দেখতে পরিবারের সদস্যরা সকালে নৌকাযোগে এসেছিলেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা বাখের আলী ঘাট থেকে নৌকায় করে জোহুরপুর-বেলপাড়া এলাকার বাড়ির উদ্দেশে রওনা হন। নৌকাটিতে ১২ জন ছিলেন। তাদের মধ্যে ১০ জনকে বিএসএফ উদ্ধার করেছে, একজন বাখের বিজিবি ক্যাম্পে আছে। আর বয়স্ক একজন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
