Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

ছবি: যুগান্তর

Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাটিবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহণের বাসটি আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে একই সময় ফিডার সড়ক থেকে একটি মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে ওঠলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন।

বাসযাত্রী জেবা আক্তার জানান, হঠাৎ ফিডার সড়ক থেকে একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে মহাসড়কে ওঠে পড়ে। এসে বাসটির সঙ্গে সংঘর্ষ করে। এতে তার কপাল কেটে যায়।

আরেক যাত্রী আবদুর রশীদ জানান, তিনি ফেনী থেকে বাসে উঠেছিলেন। আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে বিকট শব্দ হয়। পরে তিনি দেখতে পান, তার পা সিটের সঙ্গে আটকে গেছে। অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় আহলাদ হোসেন জানান, ড্রাম ট্রাকটির চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। সংঘর্ষে বাসচালকের দুই পা ভেঙে যায় এবং মাথা ফেটে রক্তাক্ত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ ও ঘাতক ড্রাম ট্রাকের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম