বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটক
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার বারহাট্টায় বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের পদত্যাগী নেতা তরিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নবগঠিত উপদেষ্টা কমিটির ১৩ নাম্বারে তার নাম রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজারে নিজ সার ও কীটনাশকের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের একটি মামলায় তরিকুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এদিকে সম্প্রতি প্রকাশিত কার্যক্রম নিষিদ্ধ বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত উপদেষ্টা কমিটিতে নিজের নাম আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের কথা জানিয়েছিলেন তরিকুল আলম। তিনি দাবি করেছিলেন, কিভাবে তিনি ওই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, তা তিনি জানেন না। এ কারণে তিনি পদত্যাগ করেছেন বলেও জানিয়েছিলেন।
এ বিষয়ে বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, ২০২৪ সালের একটি মামলায় রোববার তরিকুল আলমকে গ্রেফতার করা হয়েছে এবং সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
