কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
Advertisement
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। জোড়া খুনের এ ঘটনায় এলাকায় ভয় ও উত্তেজনা বিরাজ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জায়গা-সংক্রান্ত বিষয় নিয়ে ভাই ও বোনের মধ্যে মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া দলবল নিয়ে খালেদা আক্তার ও মনজুরুল আলম টিটুর ওপর হামলা চালিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুরে) নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত টিটুর শাশুড়ি জোসনা বেগম ও নিহতের আরেক স্বজন মো. শফিকুল ইসলাম বলেন, জায়গা-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা জানান।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে আসে। সেখানে দুটি লাশ পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ভাই-বোনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

