ফরিদপুরে পদ্মা থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরে পদ্মা থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সদরের ডিক্রিরচর ইউনিয়নের কবিরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে সিএন্ডবি ঘাট নৌ ফাঁড়ি পুলিশ।
এর আগে সকাল ৭টার দিকে ডিক্রিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় পদ্মা নদীর এক পাশে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, অর্ধগলিত উদ্ধার লাশটি আনুমানিক ৩৫ বছর বয়সী নারীর। পরনে ছিল ম্যাক্সি ও ওড়না। তবে ওড়নার সঙ্গে সিমেন্টের ভারী ব্লক ও ইট বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সদস্যরা ঘটনাস্থলে আসেন। লাশ পচে যাওয়ায় আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব না হওয়ায় মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সিএন্ডবি ঘাট নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই নারীকে হত্যা করে সিমেন্টের ব্লক ও ইট বেঁধে লাশ পদ্মায় ডুবিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় পানিতে থাকায় পচে ফুলে ওঠার পর ব্লকসহ নদীর এক পাশে আটকে থাকে এটি। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

