সন্তান জন্মের আগেই ডেঙ্গুতে প্রাণ গেল নুর জাহানের
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অনাগত সন্তান জন্ম নেওয়ার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নুর জাহান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নুর জাহান কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নুরজাহানের বিয়ে হয়। এই দম্পতির প্রথম সন্তান আসছে এমন খবরে পরিবারে ছিল আনন্দ উচ্ছ্বাস। নুরজাহান ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নুরজাহানের স্বামী জোবায়ের হোসেন বলেন, আগামী মাসে আমাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সামান্য জ্বর আসে তার স্ত্রীর। পরে নানা সমস্যা দেখা দিলে কুমিল্লায় চিকিৎসায় পরিস্থিতি উন্নতি হয়নি। তাই তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
এদিকে নুর জাহানের মৃত্যুতে শোক জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
