সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
Advertisement
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পিএম
সিরাজুল মুনিরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সিরাজুল মুনিরা (৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।
সিরাজুল মুনিরা সীতাকুণ্ড উপজেলার পৌরসভার আমিরাবাদ গ্রামের মো. নুরুননবীর মেয়ে। সে সীতাকুণ্ড উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও মুনিরার পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক অসুস্থতায় খুব দুর্বল হয়ে পড়ে সে। অবস্থার অবনতি হতে দেখে অভিভাবকরা তাকে গত মঙ্গলবার সীতাকুণ্ড পৌরসদরের মেডিকেয়ার ল্যাবে নিয়ে এনএসওয়ান পরীক্ষা করেন। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে তাকে দ্রুত চমেক হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসক। সেখানে তাকে আইসিইউতে নেওয়া হলে চিকিৎসাধীন বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাপ হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্ত অনেকেই এখানে ভর্তি হচ্ছে কিংবা রেফার হচ্ছেন। কিন্তু মনিরা মারা যাওয়ার তথ্য তাকে কেউ জানায়নি। তাই তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না।
মুনিরার বাবা মো. নুরুননবী যুগান্তরকে বলেন, মুনিরার প্রেসার একদম কমে গেছিল। চিকিৎসকের পরামর্শে সীতাকুণ্ডের একটি বেসরকারি হাসপাতালে তাকে স্যালাইন দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। এরপর আইসিইউতে চিকিৎসাধীন ছিল ছোট্ট মুনিরা। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মারা যায় সে।
