শিশু হত্যার অভিযোগে কিশোর আটক
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের নান্দাইলে জলপাই কুড়ানোর প্রলোভনে ডেকে নিয়ে সাত বছরের এক শিশুকে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চর ভেলামারী সরদারবাড়ি এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
নিহত শিশুর নাম রাজন মিয়া (৭)। সে স্থানীয় মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, সকালে রাজনকে জলপাই কুড়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী আবু বক্কর ছিদ্দিকের ছেলে তহসিন হৃদয় (১৪)। সেখানে তার মুখ চেপে ধরে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তহসিন। আঘাতের তীব্রতায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এরপর অভিযুক্ত লাশটি বাড়ির পাশে জঙ্গলঘেরা বাথরুমে লুকিয়ে রাখে।
শিশু রাজনকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে চাপের মুখে তহসিন বিষয়টি স্বীকার করে ও লাশের অবস্থান দেখায়। পরে উত্তেজিত স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশকে খবর দেন। নান্দাইল থানার হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত কিশোর নিজের অপরাধ স্বীকার করে জানায়, শিশুটি চিৎকার করায় সে তাকে হত্যা করেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে এবং অভিযুক্ত কিশোরকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
