কোতোয়ালীতে প্রকাশ্যে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
নগরীর কোতোয়ালী থানার সতীশ বাবু লেইনে ছুরির মুখে এক রিকশাযাত্রীর কাছ থেকে জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে ছিনতাইকারীরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে দিন-দুপুরে সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগরীর কোতোয়ালী থানার কয়েকশ’ গজ দূরে রিকশার পথরোধ করে অজ্ঞাত এক যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নেয় দুজন ‘ছিনতাইকারী’। নগরীর কোতোয়ালী থানার সতীশ বাবু লেইনে এ ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঠিক কবে কখন ঘটেছে তা জানা যায়নি।
শনিবার সকালে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সিএমপির দক্ষিণ বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একাধিক টিম ছিনতাইকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে।
২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়- জিন্স প্যান্ট পরা এবং কালো প্যান্ট, ফুলহাতা শার্ট, ও সাদা টি-শার্ট পরা দুই যুবক ছুরি নিয়ে দুইদিক থেকে এক রিকশাআরোহীর পকেট থেকে জোরপূর্বক টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিচ্ছে। এক পর্যায়ে ঘটনার শিকার হওয়া ব্যক্তি প্রাণভয়ে ‘দিচ্ছি দিচ্ছি’বলতেও শোনা যায়। এ সময় রিকশাচালক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন। অদূরে এক তরুণকে ঘটনা প্রত্যক্ষ করতে দেখা গেলেও ছিনতাইকারীদের প্রতিরোধে আশপাশের কেউ এগিয়ে আসেননি।
স্থানীয় সূত্র জানায়, কোতোয়ালী থানার পেছনে সতীশ বাবু লেন, গীর্জার মোড়, পাথরাঘাটা ফিশারীঘাট রোডসহ আশপাশের এলাকায় প্রতিদিন সকালে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
সিএমপির (দক্ষিণ) ডিসি হাবিবুর রহমান প্রাং যুগান্তরকে জানান, ভিডিওটি আমাদের নজরে এসেছে। ভিডিওটির ব্যপারে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আশাকরি খুব শিগগিরই ছিনতাইয়ে জড়িতদের আইনের আওতায় আনতে পারবো।
