শয্যাশায়ী বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ
Advertisement
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের আজমিরীগঞ্জে অসুস্থ ও শয্যাশায়ী শাহাবুদ্দিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে ইয়াফিন মিয়াকে (২১) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। তার ছয় ছেলে ও এক মেয়ে রয়েছে। চতুর্থ ছেলে ইয়াফিন গত দুই বছর ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে ভারসাম্যহীন আচরণ করছিলেন বলে দাবি স্থানীয়দের।
মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে বাবার শোবার ঘরে ঢোকেন ইয়াফিন। একপর্যায়ে তিনি তার বাবার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান এবং গলা কেটে হত্যা করেন। কিছুক্ষণ পর পরিবারের এক সদস্য ঘরে গিয়ে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। একই সঙ্গে অভিযান চালিয়ে শিবপাশা বাজার এলাকা থেকে অভিযুক্ত ইয়াফিনকে আটক করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জয়নাল মিয়া জানান, ইয়াফিন দীর্ঘদিন ধরে উগ্র ও মাদকাসক্ত ছিলেন।
আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ পাল জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইয়াফিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
