খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...
Advertisement
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ফেদুল্লা বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কামরুল ওই এলাকার রাজ্জাক বেপারীর ছেলে। বিস্ফোরণে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশে কসটেপ দিয়ে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয় কিশোর জুনায়েদ আহমেদ (১৭)। বস্তুটি খেলনা বল মনে করে তিনি সেটি হাতে তুলে নেন। এ সময় তার সহপাঠী কামরুল বিষয়টি দেখতে পেয়ে জুনায়েদের কাছে জানতে চান, তার হাতে কী রয়েছে।
পরে দুজন বস্তুটি জুনায়েদের দাদি নাসিমা বেগমকে দেখালে তিনি সেটিকে ককটেল বলে শনাক্ত করেন। এতে আতঙ্কিত হয়ে জুনায়েদ ককটেলটি হাত থেকে ফেলে দেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা কামরুল গুরুতর আহত হন।
খবর পেয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশে অরক্ষিত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে। ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক পড়ে আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই সাইদুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে রাস্তার পাশে আরও দুটি ককটেল পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

