জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরার স্বীকৃতি পেল রাজশাহী সিটি করপোরেশন
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
|
ফলো করুন |
|
|---|---|
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে শুদ্ধভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করায় রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকসেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এই স্বীকৃতি প্রাপ্তি আমাদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিকসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ঢাকার হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জিলিয়ান মেলসপ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

