সংবিধান সংশোধন কমিটির বৈঠক বয়কট করেছে এনসিপি: আখতার হোসেন
Advertisement
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ এএম
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বয়কট করেছে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের মতামত উপেক্ষা করা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী মনছারের ঘাটে আয়োজিত কৃষক সমাবেশ ও গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, শুরু থেকেই এনসিপি সরকারকে সংবিধান সংশোধন পরিষদ গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার সেই পথে না গিয়ে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করেছে। এভাবে প্রচলিত পদ্ধতিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে চলমান সংকটের সমাধান না হয়ে তা আরও জটিল হতে পারে।
তিনি বলেন, সংবিধানের বিষয়ে কীভাবে সংশোধন করা হবে, সেটি গণভোটে রায় দেওয়া হয়েছে। সেটি অবশ্যই সংবিধান সংশোধন পরিষদের মধ্য দিয়ে সুরাহা করতে হবে। সংবিধান সংশোধনের বিষয়গুলো সংবিধান সংশোধন পরিষদের মাধ্যমে না করে সংশোধনীর মাধ্যমে করা হলে বাংলাদেশ যে সাংবিধানিক সংকটের মধ্যে আছে, সেটি আরও ঘনীভূত হবে।
গণভোটের রায় প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার বিভিন্নভাবে গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা করছে। তার দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংশোধন পরিষদ গঠন করে বিষয়টির সমাধান করতে হবে। অন্যথায় দেশের চলমান সাংবিধানিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
এনসিপির সদস্যসচিব বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংশোধন পরিষদ গঠন করতে হবে। সরকার যদি সেই প্রক্রিয়ায় এগিয়ে আসে, তাহলে আমরা সেখানে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু প্রচলিত সংসদীয় পদ্ধতিতে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে আমরা অংশ নেব না।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আবু সাঈদ লিওনসহ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-6ab011f897596.jpg)