ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত ও ঘরের সিঁড়ি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা জাহিদুল বিশ্বাস (৩৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল বিশ্বাস মৃত বদিয়ার রহমান বিশ্বাসের ছোট ছেলে। ঘটনার পর আমুদে বিশ্বাসের দুই ছেলে শাকিল বিশ্বাস (২২) ও সাইমুন বিশ্বাস (১৯) পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, ভাতিজাদের ঘরের সিঁড়ি দেওয়া ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচা জাহিদুল বিশ্বাসের সঙ্গে কথা কাটাকাটি হয় ভাতিজা শাকিল বিশ্বাস ও সাইমুন বিশ্বাসের। এক পর্যায়ে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা জাহিদুল বিশ্বাস মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ভাতিজা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) সুকদেব রায় জানান, ঘটনার পরপরই ঘাতকরা পালিয়েছে। অভিযান অব্যাহত আছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

