পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়ন জরুরি: প্রবাসীকল্যাণমন্ত্রী
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
|
ফলো করুন |
|
|---|---|
জৈন্তাপুরসহ সিলেট জেলার পর্যটন সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে সড়ক যোগাযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (রাজস্ব) আওতায় আয়োজিত বিভিন্ন সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরিফুল হক বলেন, সরকার জৈন্তাপুরের শিক্ষা, যোগাযোগ, পর্যটন ও স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে একাধিক সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে, যার দৃশ্যমান পরিবর্তন আগামী ডিসেম্বরের মধ্যেই পরিলক্ষিত হবে।
মন্ত্রী জৈন্তাপুর বাজারের বিদ্যমান অবকাঠামো ভেঙে আগামী মাসের প্রথম সপ্তাহে আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ শুরু এবং স্থানীয় রোগীদের জরুরি সেবায় একটি আধুনিক অ্যাম্বুলেন্স চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশীদ ও সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।
