ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের কাউনিয়ায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে ভ্যাট বিভাগ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মীরবাগ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহণ ও বিপণন এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের অধীনস্থ দপ্তরগুলোর অভিযান ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্যাট বিভাগ জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ভ্যাট ডিভিশনের একটি দল মীরবাগ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ করা হয়।
জব্দ করা বিড়ির বৈধতা, ব্র্যান্ড, প্যাকেট বা লেবেল, রাজস্ব পরিশোধসহ সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে বিড়িগুলো নকল বা অবৈধভাবে উৎপাদিত কি না, প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা নির্ধারণ করা হবে।
যাচাই শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর।
সংস্থাটি জানায়, অবৈধ তামাকজাত পণ্যের উৎপাদন, পরিবহণ ও বাজারজাতকরণের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। পাশাপাশি বৈধ তামাকজাত পণ্যের বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাই রাজস্ব সুরক্ষা, অবৈধ তামাকজাত পণ্যের বিস্তার রোধ এবং বৈধ বাজারে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান ও নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

