রাশিয়া থেকে অক্টোবরে আসবে রূপপুরের ইউরেনিয়াম
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
|
ফলো করুন |
|
|---|---|
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হবে। ডিসেম্বরের শেষনাগাদ এ ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে সেপ্টেম্বরের শেষদিকে ইউরেনিয়ামের একটি চালান বাংলাদেশে আসার কথা থাকলেও আকাশপথ ব্যবহারের অনুমতি না পাওয়ায় তা স্থগিত হয়।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আসতে পারেনি। পরে রাশিয়ার পক্ষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে চালান পাঠানোর তারিখ প্রস্তাব করা হয়।
রোসাটমের বিবৃতিতে বলা হয়েছে, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী আকাশপথে কয়েকটি চালানে দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষনাগাদ এ সরবরাহ কার্যক্রম সম্পন্ন হবে।
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি কয়েকটি ফ্লাইটে বাংলাদেশে আনা হবে। জ্বালানি সরবরাহ শুরু হলে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কমিশনিং কার্যক্রমের পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। তখন পারমাণবিক জ্বালানি হস্তান্তরের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক ‘গ্র্যাজুয়েশন’ সম্পন্ন হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।
প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রোসাটমের প্রকৌশল শাখা। দ্বিতীয় ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হলে ইউনিটটির কমিশনিং কার্যক্রম নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
