দূরপাল্লার বাসের ধাক্কায় নারীসহ নিহত ২
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার মিরপুরে দূরপাল্লার এক বাসের ধাক্কায় ভ্যানচালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের সদরপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ভ্যানচালক কামরুল ইসলাম (৪০) এবং সদর উপজেলার ভাদালিয়া সস্তিপুর এলাকার হাশেম আলীর স্ত্রী ভানুমতি (৫৫)। ভানুমতি নওদা আজমপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে মেয়ের বাড়িতে এসেছিলেন।
স্থানীয় সদরপুর মাদ্রাসার শিক্ষক শেখ মহিউদ্দিন জানান, সকালে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী শ্যামলী এসআর পরিবহণের একটি বাস পাখিভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালকের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হয়ে বিদ্যালয়ে আসে। তাই এখানে জরুরিভিত্তিতে একটি স্পিডব্রেকার প্রয়োজন।
স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রাকিবুজ্জামান জানান, শ্যামলী পরিবহণের ধাক্কায় ভ্যানের যাত্রী এক নারী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভ্যানচালক। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
