মাদক নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৭
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে সড়কির আঘাতে টেঙ্গুর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টেঙ্গুর ওই গ্রামের মৃত দৈয়ব মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টেঙ্গুরের বড় ভাই পটল রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আজাহার মেম্বারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এলাকায় বিএনপির এই দুটি পক্ষ আলাদাভাবে নেতৃত্ব দিয়ে আসছিল।
স্থানীয়দের ভাষ্য- দুই-তিন দিন আগে ভারত থেকে আনা মাদককে কেন্দ্র করে আজাহার মেম্বার গ্রুপের লোকজনের সঙ্গে পটল গ্রুপের বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা, উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে আজাহার মেম্বার ও পটল গ্রুপের অনুসারীরা সংঘাত ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গুর সড়কির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্বজনদের দাবি, সড়কির আঘাতে তার পেটে গুরুতর জখম হয়েছিল।
এ ঘটনায় আহতরা হলেন—সুমন মিয়া (৫০), হাদু মণ্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মণ্ডল (৬০) ও রাজু মণ্ডল (৩০)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মণ্ডল বলেন, দুপক্ষের মধ্যে দুই-তিন দিন ধরেই বাগবিতণ্ডা ও উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে টেঙ্গুর নামে একজন নিহত এবং পাঁচ থেকে আটজন আহত হয়েছেন। মূলত ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়ি নিয়েই বিরোধের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ ঘটনায় টেঙ্গুর নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিস্তারিত তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
