সামাজিক আন্দোলন গড়ে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে: প্রতিমন্ত্রী আজাদ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম
শুক্রবার বিকালে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকায় আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শুধু আইন প্রয়োগ কিংবা সামাজিকভাবে মাদকসেবীদের বয়কট করে তরুণ প্রজন্মকে মাদক থেকে ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবীদের পরিশুদ্ধ করতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকায় আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, মাদকের ভয়াল থাবায় আমাদের তরুণ সমাজ। এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের নিঃশেষ করে ফেলার অন্যতম কারণ হলো বেকারত্ব ও সামাজিক এবং পারিবারিক হতাশা। যা থেকে উত্তরণে বিএনপি সরকার সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ শুরু করেছে।
তিনি বলেন, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে না পারলে আমরা মাদকমুক্ত সমাজ বিনির্মাণ করতে পারব না। প্রশাসন এবং আইন দিয়ে এই সমস্যা মোকাবিলা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য বর্তমান সরকার ইতোমধ্যেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীর তরুণ প্রজন্মকে মানবসম্পদে পরিণত করতে কাজ শুরু করেছে। আপনারা সরকারকে সহযোগিতা করুন, আধুনিক বাংলাদেশ গড়তে বিএনপি সরকার বদ্ধপরিকর।
‘মাদকের বিরুদ্ধে আমরা’—এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন জনকল্যাণ সমাজসেবা সংগঠনের উদ্যোগে এ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন লতিফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আল রাজি টুটুল, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রণিক ও আব্দুল বারী। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের মাদকমুক্ত রাখা অত্যন্ত জরুরি।
জনকল্যাণ সমাজসেবা সংগঠনের এ উদ্যোগের প্রশংসা করে বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করা হয়।
