দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে আহত ৩০
Advertisement
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাওড়ে মাছ ধরা ও রিং জাল চুরির অভিযোগ নিয়ে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া এবং সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল।
বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার সকালে এলাকাবাসীর উদ্যোগে এক সালিশ দরবারের আয়োজন করা হয়। এতে বৈরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হন। তবে দরবার শুরু হওয়ার আগেই দুই ইউপি সদস্যের সমর্থকরা দা, বল্লম, বর্শা ও টেঁটাসহ নানা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ৩০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দুইপক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য সালিশে অংশ নিতে আমি ইমামনগর গ্রামে গিয়েছিলাম; কিন্তু উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করেই উভয়পক্ষ হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সবার সম্মিলিত চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে ঘটনার বিষয়ে বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
