রেস্তোরাঁয় চা-পানের এক মিনিটে ধান ব্যবসায়ীর ৫ লাখ টাকা গায়েব
Advertisement
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাস্তা শেষে হাত ধুয়ে ক্যাশে বিল মিটিয়ে পাশের দোকানে কেবল এক কাপ চায়ের অর্ডার দিয়েছিলেন ধান ব্যবসায়ী লিটন হোসেন; কিন্তু ঠিক এক মিনিটের ব্যবধানে রেস্তোরাঁয় ফিরে দেখেন, পাশের চেয়ারে রাখা তার পাঁচ লাখ টাকাভর্তি ব্যাগটি গায়েব হয়ে গেছে।
শুক্রবার সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের সামনের একটি হোটেলে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্তোরাঁ মালিকের স্ত্রী (ক্যাশিয়ার) মাহফুজা খাতুন (৫১), তার ছেলে সাইফুল ইসলাম (৩৩) এবং দুই কর্মচারী মিন্টু (৪২) ও আবিদকে (২৯) আক্কেলপুর থানায় নিয়ে গেছে পুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী বগুড়ার শেরপুর উপজেলার বাসিন্দা লিটন হোসেন জানান, ট্রাকে করে নওগাঁর ধামইরহাটে ধান কিনতে যাচ্ছিলেন তিনি। পথে ট্রাক থামিয়ে চালক আলম হোসেনকে নিয়ে আক্কেলপুরের ওই হোটেলে নাস্তা করেন। নাস্তা শেষে লিটন পাশের দোকানে চা খেতে গেলে মাত্র এক মিনিটের ব্যবধানে টাকার ব্যাগটি চুরি হয়ে যায়।
লিটনের দাবি, এ সময়ের মধ্যে বাইরে থেকে কোনো বহিরাগত ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করেননি। ব্যবসায়ী ও ট্রাকচালকের ভাষ্যমতে, ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর ক্যাশিয়ারও কাউন্টারে উপস্থিত ছিলেন না। হোটেল কর্তৃপক্ষের কাছে ব্যাগ ফেরত চেয়ে কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে তারা পুলিশে খবর দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আক্কেলপুর থানার এসআই বজলুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে। সন্দেহভাজন হিসেবে রেস্তোরাঁ মালিকের স্ত্রী, ছেলে ও দুই কর্মচারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করা গেছে।
রেস্তোরাঁটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
