‘বিয়ে না করলে যাব না’ প্রেমিকের বাড়ির সামনে মেয়েকে নিয়ে গৃহবধূ
Advertisement
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জয়পুরহাটের ক্ষেতলালে প্রেমিক দাবি করে এক তরুণের বাড়ির সামনে মেয়েকে নিয়ে অবস্থান নিয়েছেন এক গৃহবধূ (২৫)। তার সঙ্গে রয়েছে চার বছরের মেয়ে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত তাকে ওই বাড়ির ফটকের সামনে অবস্থান করতে দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের মিনিগাড়ি পূর্বপাড়া গ্রামের সিয়াম (২৬) নামের ওই তরুণের বাড়ির ফটকের সামনে অবস্থান নেন ওই গৃহবধূ। তার দাবি, দীর্ঘদিনের সম্পর্কের পর সিয়াম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন; কিন্তু সিয়াম অন্য এক তরুণীকে বিয়ে করতে যাওয়ার খবর পেয়ে তিনি মেয়েকে সঙ্গে নিয়ে তার বাড়িতে আসেন।
ওই গৃহবধূর ভাষ্য, প্রায় সাড়ে তিন বছর আগে সিয়ামের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সিয়াম নিয়মিত তার বাড়িতে আসা-যাওয়া করতেন। একদিন এক প্রতিবেশী বিষয়টি দেখে ফেললে সিয়াম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চলে আসেন। এরপরও বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন।
ওই গৃহবধূ আগে স্বামীর সঙ্গে একই এলাকায় বসবাস করতেন। পরে তার স্বামী কর্মসূত্রে তাকে রেখে রংপুরে চলে যান। এর মধ্যে সিয়ামের বিয়ের খবর পেয়ে তিনি তার বাড়িতে চলে আসেন।
ওই গৃহবধূ যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে জানতে পারি- সিয়াম পাশের গ্রামের এক তরুণীকে বিয়ে করতে গেছেন। এ খবর পেয়ে মেয়েকে সঙ্গে নিয়ে রাত ১০টার দিকে তার বাড়িতে এসেছি। সিয়াম না আসা পর্যন্ত আমি এখান থেকে যাব না।
স্থানীয় লোকজন জানান, ওই গৃহবধূ বাড়ির সামনে অবস্থান নেওয়ার পর সিয়ামের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান। পরে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বিষয়টি সমঝোতার চেষ্টা করেন। তবে সিয়ামকে বিয়ে ছাড়া কোনো সমাধান মানতে রাজি নন বলে জানিয়েছেন ওই গৃহবধূ।
এ বিষয়ে সিয়ামের বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তবে সিয়ামের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, স্থানীয় একটি চক্র ওই গৃহবধূকে ব্যবহার করে সিয়ামের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
মামুদপুর ইউনিয়নের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, সিয়াম বিয়ে করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই গৃহবধূ সিয়ামকে ছাড়া কোনো কিছুই মানবেন না বলে জানিয়েছেন। তার অভিভাবকদের আসতে বলা হয়েছে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
