ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
Advertisement
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় বাসচাপায় নিহত সাতজনের জানাজা শেষে তাদের দাফন করা হলেও স্বজনদের বাড়িতে এখনো চলছে কান্নার আহাজারি।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহণের বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন।
নিহতদের মধ্যে জামালপুর সদরের দড়িহামিদপুর গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তার মা রাশিদা বেগম, অন্তঃসত্ত্বা মেয়ে মর্জিনা ও পাঁচ বছরের নাতি মিনাল রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) সকালে পৃথক পৃথক স্থানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের।
জানাজায় জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার গাজীপুর যাওয়ার পথে একসঙ্গে প্রাণ হারান একই পরিবারের চারজন। একটি দুর্ঘটনাই মুহূর্তে শূন্য করে দিয়েছে পুরো পরিবারকে।
এরপর থেকেই স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা। স্বজনদের চোখে-মুখে একটাই প্রশ্ন—এভাবে আর কত প্রাণ ঝরবে সড়কে?
এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে জামালপুর শহরে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে যুবশক্তি ও ছাত্রশক্তি। তাদের দাবি, রাজীব পরিবহণের রুট পারমিট বাতিল, বাস চলাচল বন্ধ এবং পরিবহণ মালিক-শ্রমিক সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
একটি দুর্ঘটনা—আর তাতেই শূন্য হয়ে গেল কয়েকটি পরিবার।
প্রিয় মানুষ হারানোর এই কান্না কবে থামবে—এখন সেই প্রশ্নই স্বজনদের। হঠাৎ সড়ক দুর্ঘটনায় এতজনের মৃত্যুর ঘটনায় শোকে স্তব্ধ গোটা জামালপুর। শোকের ছায়া এখনো কাটিয়ে উঠতে পারছেন না স্বজনেরা।
এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্বজনেরা। এ ছাড়া দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।
জানাজায় উপস্থিত হয়ে নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, নিহতের পরিবারগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি জেলার বাস সার্ভিস উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
