ঋণের বোঝা সইতে পারলেন না পুলিন
Advertisement
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম
গৌরনদী থানা
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের গৌরনদীতে পাঁচ লক্ষাধিক টাকার ঋণের বোঝা ও পাওনাদারদের চাপ সইতে না পেরে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাকুড়ি-বাকাই গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত পুলিন তালুকদার ওই গ্রামের মৃত উপেন্দ্র নাথ তালুকদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন কন্যা সন্তানের জনক পুলিন তালুকদার জীবিকার তাগিদে দীর্ঘ আট বছর মরিশাসে ছিলেন। এক বছর আগে প্রবাস জীবন শেষে দেশে ফিরে এসে তিনি বাড়ির পাশেই একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। তবে প্রবাসে থাকাকালে স্থানীয় সুদি মহাজন এবং দেশে ফিরে বিভিন্ন এনজিও থেকে তিনি পাঁচ লক্ষাধিক টাকা ঋণ নেন। বিপুল অঙ্কের ঋণে জর্জরিত হয়ে তিনি মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
গত কয়েক দিন ধরে স্থানীয় সুদ কারবারি ও এনজিওর কিস্তির টাকা জোগাড় করতে না পেরে তিনি ভীষণ মানসিক চাপে ছিলেন।
স্বজনদের অভিযোগ, পাওনাদারদের ক্রমাগত তাগাদা ও চাপ সইতে না পেরে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের বাগানে একটি গাছের ডালের সঙ্গে রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন পুলিন তালুকদার। পরে প্রতিবেশীরা তাকে বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
