জলাবদ্ধতা নিরসনে টেকসই পদক্ষেপের প্রতিশ্রুতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যশোরকে নদী ও খালের অবৈধ দখল থেকে মুক্ত করা এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুল কনফারেন্স রুমে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী যশোরের পরিবেশ সুরক্ষা, খাল পুনর্খনন, ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবহণ খাতে লিথিয়াম-আয়ন ব্যাটারিচালিত ইজিবাইক চালুর মতো সরকারের নানা ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যারা নদী, খাসজমি ও পুকুর দখল করে, তারা যত প্রভাবশালীই হোক না কেন—বিএনপি প্রভাবশালীদের সঙ্গে নয়, সাধারণ মানুষের পক্ষে থেকে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। দখলদারদের কবল থেকে সব উন্মুক্ত জলাশয় মুক্ত করে জনগণের ব্যবহারের জন্য ফিরিয়ে দেওয়া হবে, যাতে মানুষ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার পরিবেশ পায়।
খাল খনন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে তিনি আরও বলেন, কেশবপুরে খাল পুনর্খনন শুরু হয়েছে এবং হৈবতপুরে কাজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ ২০৩০ সালের মধ্যে যশোরের প্রতিটি উপজেলার প্রয়োজনীয় সব খাল পুনর্খনন সম্পন্ন করা হবে।
যশোর সদর, অভয়নগর, কেশবপুর ও মণিরামপুরসহ আশপাশের অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অতীত উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় না থাকায় এ সংকট দিন দিন তীব্র হয়েছে। পানিসম্পদ, কৃষি ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে খুব দ্রুতই এর একটি স্থায়ী ও টেকসই সমাধান বের করা হবে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, ঐতিহাসিক যশোর-বেনাপোল সড়কের ঐতিহ্যবাহী প্রাচীন গাছগুলো রক্ষা করেই সড়ক উন্নয়নের কাজ বাস্তবায়ন করা হবে।
পরিবেশবান্ধব জ্বালানি প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ রক্ষায় লেড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহার বড় ভূমিকা রাখতে পারে। এতে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনি পরিবেশ দূষণও উল্লেখযোগ্য হারে কমবে। ডেসকোর মাধ্যমে উত্তরখানে চালু হওয়া পাইলট প্রকল্পটি সফল হলে তা পর্যায়ক্রমে দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।
বাপা যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বাপার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মাদ তালুকদারসহ স্থানীয় পরিবেশকর্মীরা।
