অধ্যাপক নার্গিস
আ.লীগ ও গুপ্তদের বিরুদ্ধে সতর্ক হোন
Advertisement
যশোর ব্যুরো
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। আমরা অগণতান্ত্রিক এবং অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি। সেখান থেকে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আজ দেশ পরিচালিত হচ্ছে। আসুন দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই, গর্তের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগ এবং গুপ্তদের বিরুদ্ধে সতর্ক থাকি।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে যশোর সদরের লেবুতলা বাজারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে যশোর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট সৃষ্টি হয়েছিল, যার দায় বর্তমান সরকারের ঘাড়ে এসেছে। সব সংকট কাটিয়ে দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন; কিন্তু একটি গোষ্ঠী বর্তমান সরকারকে সেই সময়টুকু দিতে চায় না; বরং তারা সরকারের পতন ঘটাতে ষড়যন্ত্র করছে। সরকার দেশে স্থিতিশীল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, এ কাজে কেউ বাধা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক নীতি ও পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করেছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মগুরুদের সম্মানী ভাতা, খাল খনন এবং সুদসহ কৃষিঋণ মওকুফের মতো কর্মসূচি বাস্তবায়নের ফলে জনগণ সরকারের সঠিক পদক্ষেপের সুফল পেতে শুরু করেছে। সরকারের এসব জনবান্ধব নীতি বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে; যারা নির্বাচনের আগে জনগণকে বেহেশত পাওয়ার প্রলোভন দেখিয়েছিল, আজ তারা কোথায়? নির্বাচনের পর বা অতীতের কোনো সংকটকালে জনগণ তাদের পাশে পায়নি।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দুষ্টের দমন করা রাষ্ট্রের মূল দায়িত্ব। দেশ ও জনগণকে নিরাপদ রাখতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিষ্কণ্টক করতে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। যেখানেই সন্ত্রাস দেখা দেবে, সেখানেই তা প্রতিহত করা হবে।
লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান ও সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
এছাড়া আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, দেলোয়ার হোসেন দেলু, নান্নু মিয়া ও সাইদুর রহমানসহ স্থানীয় নেতারা।
