রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে যে ঘটনা
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ এএম
প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলির চেষ্টা রাজশাহীর বিভাগীয় কমিশনারের। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক এক আদেশে তার বিষয়ে এ আদেশ দেওয়া হয়। আদেশ জারির পর মঙ্গলবারই (২০ অক্টোবর) রাজশাহী ছেড়েছেন ইউসুফ আলী। আর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।
জানা গেছে, রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তাকে সরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে প্রটোকল দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী সন্ধ্যায় চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করার পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভাগীয় কমিশনারের প্রটোকল ভঙ্গের চেষ্টার ভিডিও। যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়।
পরে সরকারি প্রটোকল ও শিষ্ঠাচার ভঙ্গজনিত কারণে রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করা হয়। যদিও আদেশে এ বিষয়ে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, ২০ আগস্ট অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছিল।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুরের কর্মসূচি শেষে মঙ্গলবার বিকাল ৩টার দিকে একটি সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। এ সময় রাজশাহীতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভিআইপি ফটকের বাইরে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা। প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী উপস্থিত সংশ্লিষ্টদের সঙ্গে এক এক করে হাত মেলান। ওই সময় রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর তার সঙ্গে কোলাকুলির (জড়িয়ে ধরা) চেষ্টা করেন। কিন্তু প্রধানমন্ত্রী তাকে সেই সুযোগ না দিয়ে সরিয়ে দেন। একজন সরকারি কর্মকর্তার এই প্রটোকল ও শিষ্ঠাচার ভঙ্গের চেষ্টায় প্রটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ক্ষুব্ধ হন। উপস্থিত দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যগণও ক্ষোভ প্রকাশ করেন।
রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের আদেশ হাতে পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে স্ট্যান্ড রিলিজ হওয়া বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী ঢাকার উদ্দেশে রাজশাহী ছাড়েন। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী একজন মন্ত্রী জানান, বিভাগীয় কমিশনার একজন সরকারি কর্মকর্তা। সরকারি প্রটোকল তার জানা থাকার কথা। কিন্তু তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কোলাকুলি করার চেষ্টা করেন। এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
