পুলিশ-এসআরবি পরিচয়ে অভিযান, ধরা খেলেন কনস্টেবল
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশ ও এসআরবির পোশাক পরে চট্টগ্রামে এসএ পরিবহণের অফিসে অভিযান চালাতে গিয়ে গ্রেফতার হয়েছেন কৃষাণ বড়ুয়া (২৭) নামে এক ব্যক্তি। নোটন বড়ুয়া নামে আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসএ পরিবহণের কর্মী আবদুল করিম বাচ্চু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
গ্রেফতার কৃষাণ বড়ুয়া কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখায় কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার দমদমা গ্রামে।
মামলার এজাহার থেকে জানা যায়, দুই প্রতারকের একজন পুলিশ লেখা কাপড় (অ্যাপ্রোন) এবং আরেকজন এসআরবি লেখা শার্ট পরে সোমবার রাতে এসএ পরিবহণের কাউন্টারে যান। তারা সেখানে অবৈধ পণ্য আছে দাবি করে তা জব্দ করে থানায় নিয়ে যাবে এবং কর্মীদের হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে যাবে বলে হুমকি-ধমকি দেয়; কিন্তু তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় সবাই মিলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। রাত ১০টার দিকে কৃষাণ বড়ুয়া আবার এসএ পরিবহণ কাউন্টারে এসে একইভাবে ভয়ভীতি দেখালে ৯৯৯-এ কল দেওয়া হয়। পরে পুলিশ এসে এসএ পরিবহণ কর্মকর্তাদের সহায়তায় তাকে গ্রেফতার এবং তার কাছ থেকে পুলিশের একটি অ্যাপ্রোন জব্দ করে।
অভিযানের নামে প্রতারণায় জড়িত কৃষাণ বড়ুয়ার পিতার নাম সুকলোধন বড়ুয়া এবং নোটন বড়ুয়ার পিতার নাম শম্ভু বড়ুয়া। তার বাড়িও মিরসরাই উপজেলার হাইতকান্দি এলাকায়।
কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার কৃষাণ বড়ুয়াকে মঙ্গলবার আদালতে চালান দেওয়া হয়েছে।
