বাসে আগুন, নিষিদ্ধ নওগাঁ ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ গ্রেফতার ৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫২ পিএম
নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগ
|
ফলো করুন |
|
|---|---|
নওগাঁয় আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুই সহ-সভাপতি এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সহসভাপতি।
সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহণের দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি শিশির (৫৫)। একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, হাটনওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে শাহানুর নেওয়াজ লিখন এবং ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে শিশির।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেফতার করা হয়। অপর দুজনকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহণের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসমালিক মো. সাগির আহমেদ বলেন, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসের ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৬ লাখ টাকা। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।
