রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
রৌমারীতে বীর মুক্তিযোদ্ধাদের নামফলকে সাদা রং দিল দুর্বৃত্তরা
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের নামসংবলিত একটি নামফলক সাদা রং দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শহীদ মিনার ও পাশের চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চানমারী এলাকায় প্রশিক্ষণ নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ওই সময়ের স্মৃতি সংরক্ষণে সেখানে গুলির চিহ্নসহ নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত একটি নামফলক স্থাপন করা হয়েছিল। তবে রাতের আঁধারে দুর্বৃত্তরা সাদা রং দিয়ে ফলকে থাকা নামগুলো মুছে দেয়।
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি শহীদ মিনার এলাকায় গিয়ে নামফলকটি সাদা রং দিয়ে মুছে ফেলার বিষয়টি দেখতে পান। ১৯৭১ সালে প্রশিক্ষণের সময় চানমারীতে গুলির চিহ্ন এবং পাশে নয়জন বীর মুক্তিযোদ্ধার নামসংবলিত ফলক ছিল। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জামালপুরের দেওয়ানগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলম মিয়া বলেন, আমি এই রৌমারীতে প্রশিক্ষণ নিয়েছি। ঘটনার কথা শুনেই এখানে এসেছি। ১৯৭১ সালের স্মৃতি যারা মুছে দিতে চায়, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এখানে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চানমারীতে সেই সময়ের শত শত গুলির চিহ্ন রয়েছে। দেশের জন্য জীবন দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে ফেলার ঘটনায় আমরা নিন্দা জানাই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে, সেই বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
