ছাত্র-জনতার মিছিলে হামলা: মদন আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম
আবুল বাশার খান
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে ময়মনসিংহ শহরের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মদন থানা পুলিশের একটি যৌথ দল।
মঙ্গলবার তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আবুল বাশার খান পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই মদন বাজার ব্রিজ এলাকায় সরকারি কলেজ থেকে উপজেলা খাদ্যগুদামের দিকে ছাত্র-জনতার একটি মিছিল যাচ্ছিল। সেই সময় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে যেকোনো মূল্যে আন্দোলন প্রতিহত করার নির্দেশ দেন। এর পরপরই কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি আবুল বাশার খান এখলাছ, সাবেক মেয়র সাইফুল ইসলাম সাইফ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ, কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করেন। এছাড়া দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হলে মেহেদি হাসান নবাবসহ ৫০ থেকে ৬০ জন আহত হন।
এ ঘটনায় আহত মেহেদি হাসান নবাব বাদী হয়ে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ২৩ মে মদন থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আবুল বাশার খান এখলাছ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার রাতে তাকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে মদন থানায় নিয়ে আসা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদি হাসান নবাবের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল বাশার খান এখলাছের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
