প্রিয় লেখকের জন্মদিনে উৎসবে মাতলেন হিমু-রূপার ভক্তরা
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
হিমু পাঠক আড্ডার উদ্যোগে আয়োজন করা হয় হিমু উৎসবের।
|
ফলো করুন |
|
|---|---|
কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে তার জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ও জেলা সদরে।
শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী এসব আয়োজনে লেখকের প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি লেখকের কালজয়ী সৃষ্টির জনপ্রিয় চরিত্র হিমু ও রূপার সাজে উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা।
সকালে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামে লেখকের নিজের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অন্যদিকে, প্রতিবছরের মতো এবারও নেত্রকোনা জেলা সদরে হিমু পাঠক আড্ডার উদ্যোগে আয়োজন করা হয় হিমু উৎসবের। উৎসবের প্রথম পর্বে শহরে বের করা হয় শোভাযাত্রা।
হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের পরিচালনায় কেক কাটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর আসনের সংসদ সদস্য চিকিৎসক আনেয়ারুল হকের সহধর্মিণী চিকিৎসক লুৎফা হক, জেলা কালচারাল অফিসার মো. আতিকুর রহমানসহ শিক্ষক, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
উৎসবে পাঠশালা ব্যান্ড, উদীচী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, বাউল সংগঠনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
এ ছাড়া নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, হুমায়ূন আহমেদের কাল্পনিক চরিত্র হিমুকে কেন্দ্র করে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের কাছে লেখকের সাহিত্যকর্ম, সৃষ্টিশীলতা ও জনপ্রিয় চরিত্রগুলো তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এক যুগেরও বেশি সময় ধরে হিমু পাঠক আড্ডা নিয়মিতভাবে এ উৎসবের আয়োজন করে আসছে।
এদিকে, লেখকের জন্মস্থান মোহনগঞ্জের নানাবাড়ি শেখবাড়ি এবং কেন্দুয়ার পৈতৃক ভিটা কুতুবপুরেও জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

-6af71fd7076d2.jpg)