এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং স্থানীয় বিএনপিদলীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িসহ কয়েকটি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এসব স্থাপনায় আগুন দেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ায় চলমান সহিংসতার ঘটনায় মঙ্গলবার পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। এর জেরে সন্ধ্যার পর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার আহ্বান জানানো হয়। একপর্যায়ে নেতাকর্মীরা সংগঠিত হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করে আটক ব্যক্তিদের থানা থেকে ছিনিয়ে নিয়ে যান।
এছাড়া হামলাকারীরা স্থানীয় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, আমরা খবর পেয়েছি টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি বাড়িতে আগুন ধরানো হয়েছে। তবে নিরাপত্তার অভাবে আমরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে স্টেশন থেকে বের হতে পারছি না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা দেওয়া হলে আমরা আগুন নেভাতে বের হতে পারব।
এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা সাড়া দেননি।
