মোবাইল ফোনে হামলার ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে হত্যা
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
আবু ইউসুফ মোল্লা
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ছুরিকাঘাতে আহত কাভার্ডভ্যানচালক আবু ইউসুফ মোল্লা (২৩) মারা গেছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত আবু ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরকি গ্রামের মফিজ মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালায়। তাদের হাতে রামদা ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা দেলুর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় মোবাইল ফোনে ভাঙচুরের ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন আবু ইউসুফ।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, তারা স্বামী-স্ত্রী তক্কার মাঠ এলাকায় শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় হাজী ওয়াশিং কারখানায় কাভার্ডভ্যানচালক হিসেবে চাকরি করতেন আবু ইউসুফ। আট মাস আগে তাদের বিয়ে হয়েছে এবং বর্তমানে নার্গিস সাত মাসের অন্তঃসত্ত্বা। মঙ্গলবার রাতে কাজ শেষে কারখানা থেকে ফেরার পথে একটি বাড়িতে হামলার দৃশ্য দেখে মোবাইল ফোনে ভিডিও করছিলেন আবু ইউসুফ। বিষয়টি দেখে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নার্গিস আক্তার বলেন, চিকিৎসকরা জানিয়েছেন- ধারাল অস্ত্রের আঘাতে ইউসুফের মেরুদণ্ডের হাড় কেটে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। বুধবার সকালে চিকিৎসক জানান সে আর নেই। হামলাকারীরা শুধু আমার স্বামীকে নয়, আমার সুখের সংসারটাকেও হত্যা করেছে। আমার সন্তান পৃথিবীতে আসার আগেই বাবা হারাল। আমি এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার চাই। প্রশাসন যেন দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনে।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দেলু অভিযোগ করেন, তাকে অপহরণের একটি মামলায় মঙ্গলবার দুপুরে আদালত থেকে জামিন নেন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান। ওই দিন দুপুরে নারায়ণগঞ্জ আদালত থেকে বের হয়ে চাঁনমারী এলাকায় এলে তার ছেলের ওপর হামলা চালান জুয়েল আরমান। সেখান থেকে তার ছেলে কোনোমতে বেঁচে যান। এরপর রাত সাড়ে ৮টার দিকে জুয়েল আরমান দলবল নিয়ে তক্কার মাঠ এলাকার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং ঘরে থাকা প্রায় ২০ লাখ টাকা লুটে নেন। তখন রাস্তায় দাঁড়িয়ে এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইউসুফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
