সালিশে দুই অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি
জাভেদ মোস্তাফা, ঢাকা উত্তর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
আশুলিয়া থানা
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার আশুলিয়ায় সালিশি বৈঠকে ডেকে নিয়ে দুই অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও তলপেটে লাথি মারার ঘটনায় পাল্টাপাল্টি দুই মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার ১৬ দিন পর মামলা নথিভুক্ত করে ভুক্তভোগী পরিবারেরই দুই সদস্যকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ওই দুজন হলেন—ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারীর ছোট ভাই রুবেল হোসেন ও ভুক্তভোগী রিনা খাতুনের মেয়ে তানজিলা বেগম।
বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার বাসা থেকে আসামিদের গ্রেফতার করা হয়। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই ঘটনায় দায়ের করা অন্য একটি মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছিল।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ আরইবি রোড এলাকায় দুই প্রতিবেশীর পারিবারিক বিরোধ নিষ্পত্তির কথা বলে ডেকে নেওয়া হয় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা রিনা খাতুন ও তার আট মাসের অন্তঃসত্ত্বা বোন এলিনা পারভীনকে। সেখানে সালিশ চলাকালে স্থানীয় শহিদুল ইসলাম লেবু ও মো. শরীফসহ তাদের সহযোগীরা ওই দুই অন্তঃসত্ত্বা নারীকে মারধর করেন এবং একপর্যায়ে তাদের তলপেটে সজোরে লাথি মারেন। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাদের রক্তক্ষরণ শুরু হয়।
এ সময় মারধরের শিকার হন তাদের পরিবারের আরও তিন সদস্য। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীদের ভাই মো. রুবেল হোসেন বাদী হয়ে গত ২ নভেম্বর আশুলিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। চিকিৎসকের আল্ট্রাসনোগ্রাম ও শারীরিক আঘাতের স্পষ্ট প্রমাণ থাকার পরও দীর্ঘ ১৬ দিন পর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মামলাটি নথিভুক্ত করে পুলিশ। তবে মামলা রুজু হওয়ার পরপরই ভুক্তভোগী পরিবারের ওই দুই সদস্যকে (বাদী রুবেল ও ভাগনি তানজিলা) গ্রেফতার করা হয়।
ভুক্তভোগী এলিনা পারভীন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারের সময় চারপাশে কেবল প্রভাবশালীদের লোকজন ছিল। আপত্তি করায় আসামিরা আমাদের একটি ঘরে আটকে রেখে মারধর এবং পেটে লাথি মেরে রক্তক্ষরণ ঘটিয়েছিল। নিজেরা যখন রক্তাক্ত ও গুরুতর অসুস্থ হয়ে বাঁচার চেষ্টা করছিলাম, তখন কেউ উদ্ধারে এগিয়ে না আসায় ৯৯৯-এ ফোন দিয়ে রক্ষা পাই।
